Friday, April 13, 2012

নৈতিক কারণে সুরঞ্জিতকে পদত্যাগের আহবান জানিয়েছে টিআইবি


রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তকে সব দায়দায়িত্ব গ্রহণ করে নৈতিক কারণে পদত্যাগের আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সেইসঙ্গে রেল মন্ত্রণালয়ে অস্বচ্ছ লেনদেন এবং দুর্নীতির যে অভিযোগ উঠেছে সে ব্যাপারে গভীর অসন্তোষ ও উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি।
আজ (শুক্রবার) টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এক বিবৃতিতে সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান।
বিবৃতিতে তিনি বলেন, মধ্য রাতে টাকা ভাগাভাগির এ ঘটনায় সরকারি দফতরে জনবল নিয়োগে অবৈধ লেনদেনের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার চিত্র ফুটে উঠেছে। এর মাধ্যমে সরকারি দফতর ও উচ্চ রাজনৈতিক মহলে দুর্নীতিকে প্রশ্রয় দেয়ার ঘটনা বেরিয়ে এসেছে।
ঘটনার প্রধান সাক্ষী গাড়িচালক আজম খানকে দ্রুত খুঁজে বের করে তার নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে টিআইবি। এ ঘটনাটি বর্তমান সরকারের দুর্নীতির অথই সমুদ্রে জলকণাসম উল্লেখ করে টিআইবির নির্বাহী পরিচালক বলেন,"যে সরকার দুর্নীতির বিরুদ্ধে একটি সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে,তার জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ।"
ইফতেখারুজ্জামান উদ্বেগ প্রকাশ করে বলেন, ঘটনার পর বিজিবি ও পুলিশ কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি। সংস্থা দু'টি প্রভাবান্বিত হয়ে নীরবতা পালন করেছে-যা এই অপরাধকে প্রশ্রয় দেয়ারই শামিল। 
গত সোমবার রাতে ৭০ লাখ টাকাসহ আটক হন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের এপিএস ওমর ফারুক তালুকদার। এ সময় তার সঙ্গে আটক হন রেলওয়ের জিএম (পূর্বাঞ্চল) ইউসুফ আলী মৃধা। সোমবার রাত ১১টার পর তাদেরকে ঘুষের ৭০ লাখ টাকাসহ কৌশলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাতে ধরিয়ে দেন ড্রাইভার আলী আজম। বিজিবির সদস্যরা তাদেরকে রাতভর পিলখানায় আটকে রাখে। পরদিন মঙ্গলবার সকালে পরিচয় নিশ্চিত করে এবং তদবির পেয়ে তাদেরকে ছেড়ে দেয়া হয়। মিডিয়ার মাধ্যমে বুধবার খবরটি দেশের সর্বত্র পৌঁছে যায়। রেলমন্ত্রীর এপিএস এতো টাকা কোথায় পেলেন-এ নিয়ে সারাদেশে ব্যাপক তোলপাড় শুরু হয়। 

No comments:

Post a Comment